বিশ্বকাপে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন কানাডার ১৯ বছর বয়সী ব্যাটার যুবরাজ সিং সামরা। মাত্র ৬৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি বিশ্বকাপের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করলেন। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের বাবা বলজিৎ সামরা কিংবদন্তি যুবরাজ সিংয়ের নামানুসারে ছেলের নাম রেখেছিলেন, যা আজ সার্থক হলো।
যুবরাজ ১৯ বছর ১৪১ দিন বয়সে এই সেঞ্চুরি করে পাকিস্তানের আহমেদ শেহজাদের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। উল্লেখ্য, ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়েই তিনি এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন। এছাড়া আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে শতরান করার অনন্য কীর্তিও এখন তাঁর দখলে।
কানাডার ব্র্যাম্পটনে জন্ম নেওয়া যুবরাজ ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী ছিলেন। টরন্টো ডিস্ট্রিক্ট লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক আঙিনায় তাঁর এই উত্থান অত্যন্ত চমকপ্রদ। বাঁহাতি এই ব্যাটার তাঁর আগ্রাসী ব্যাটিং শৈলী ও ছক্কা মারার ক্ষমতার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজের শক্তিশালী উপস্থিতির জানান দিলেন, যা নিশ্চিতভাবেই তাঁর পরিবার ও দেশের জন্য এক গর্বের মুহূর্ত।

