বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার সাধ্য কারও নেই, ট্রাম্পের মন্তব্য উড়িয়ে পালটা হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ ‘পরামর্শ’ কঠোরভাবে প্রত্যাখ্যান করল ইরান। সম্প্রতি ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট নিরাপত্তার খাতিরে ইরানকে টুর্নামেন্টে না আসার ইঙ্গিত দিয়েছিলেন। এর পালটা জবাবে ইরানের জাতীয় ফুটবল দল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ফিফা পরিচালিত এই বৈশ্বিক আসর থেকে তাদের বাদ দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দেশের নেই। আয়োজক হয়েও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ভার বরং আয়োজক দেশেরই নেওয়া উচিত বলে তারা মন্তব্য করেছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে ইরানের ক্রীড়ামন্ত্রী শুরুতে বিশ্বকাপে অংশ নেওয়া আসাম্ভব বলে জানিয়েছিলেন। তবে ফুটবল দলের সাম্প্রতিক এই তীক্ষ্ণ বিবৃতি পুরো বিষয়ে নতুন মাত্রা যোগ করেছে। ইরান সাফ জানিয়েছে, তারা যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং কোনো বিশেষ শক্তির অঙ্গুলিহেলনে পিছু হটার প্রশ্নই ওঠে না। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ইতিপূর্বে ট্রাম্পের পক্ষ থেকে আশ্বাসের কথা জানালেও, মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী মন্তব্য সেই নিশ্চয়তাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ইরানের ম্যাচগুলো নির্ধারিত থাকলেও বর্তমান রাজনৈতিক টানাপোড়েনে তাদের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাতে মাত্র তিন মাস সময় থাকায় ইরান যদি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়, তবে ফিফাকে বিকল্প দল খুঁজতে নজিরবিহীন সমস্যার সম্মুখীন হতে হবে। আপাতত বিশ্ব ফুটবল মহলের নজর এখন তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

