বিসিসিআইয়ের বিরুদ্ধে বৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগ করলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর চরম ক্ষোভ উগরে দিয়ে ধারাভাষ্যকারের পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন তারকা স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। গত ২৩ বছর ধরে বিসিসিআই তাকে অবহেলা করছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত রাখছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এমনকি এই বঞ্চনার নেপথ্যে বর্ণবৈষম্যের ইঙ্গিত দিয়ে ক্রিকেট মহলে তোলপাড় ফেলে দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
শিবরামকৃষ্ণনের অভিযোগ, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সম্প্রচারের সাথে যুক্ত থাকলেও তাকে বড় ম্যাচগুলোতে টস বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়নি। তার চেয়ে জুনিয়ররা সুযোগ পেলেও তাকে বারবার এড়িয়ে যাওয়া হয়েছে। নিজের আত্মসম্মান রক্ষার্থেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই ঘটনায় রবিচন্দ্রন অশ্বিনের মতো বর্তমান ক্রিকেটাররা তাকে শান্ত করার চেষ্টা করলেও শিবরামকৃষ্ণন নিজের সিদ্ধান্তে অনড়। ২০০০ সালে ধারাভাষ্য জীবন শুরু করা এই তারকার এমন প্রস্থান ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

