ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রার্থী তালিকায় বড় চমক দিল বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাইভোল্টেজ কেন্দ্রগুলোতে প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল বিজেপি। জগদ্দল বিধানসভা কেন্দ্রে প্রাক্তন আইপিএস ডঃ রাজেশ কুমারকে প্রার্থী করা হয়েছে, যেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সোমনাথ শ্যাম। অন্যদিকে, নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে তৃণমূলের বাজি নতুন প্রজন্মের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রার্থী হওয়ার পরই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা।
বীজপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সুদীপ্ত দাসকে, যার বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূলের সুবোধ অধিকারী ও বামফ্রন্টের দেবাশিস রক্ষিত। ব্যারাকপুর কেন্দ্রে আইনজীবী কৌস্তভ বাগচীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির, যেখানে তাঁর লড়াই হবে রাজ চক্রবর্তীর সঙ্গে। কৌস্তভ ইতিমধ্যেই মৃতার পরিবারের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেছেন। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই শিল্পাঞ্চলে প্রার্থী নির্বাচন ঘিরে এখন সরগরম পুরো এলাকা।

