ব্রিগেডে মোদির মঞ্চে ঐতিহ্যের ছোঁয়া, বাঙালির মন জয়ে মরিয়া পদ্মশিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাইভোল্টেজ জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক ও রাজনৈতিক এই সভার জন্য প্রস্তুত করা হচ্ছে ৮০ ফুট চওড়া এক বিশাল মঞ্চ। বিশেষ বিষয় হলো, গোটা মঞ্চজুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। দক্ষিণেশ্বর মন্দিরের আদল থেকে শুরু করে বিষ্ণুপুরের টেরাকোটা, পটশিল্প এবং উত্তরবঙ্গের হাতির প্রতিকৃতি— সব মিলিয়ে মোদির মঞ্চে থাকছে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গবাসীর আবেগ ছুঁতে চাইছে বিজেপি। তৃণমূল কংগ্রেস বারবার বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বা ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ শানিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা এবং ভিনরাজ্যে শ্রমিক হেনস্তার মতো ইস্যুগুলোকে হাতিয়ার করেছে শাসকদল। এই আবহে মোদির মঞ্চে বাংলার ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়ে সেই অভিযোগ খণ্ডন করাই বিজেপির মূল লক্ষ্য।
শনিবার সকালে কলকাতায় পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি ব্রিগেডের মঞ্চে উপস্থিত হবেন। বাঙালি অস্মিতায় শান দিয়ে ‘আমি তোমাদেরই লোক’— এই বার্তাটিই ভোটারদের কাছে পৌঁছে দিতে চাইছে গেরুয়া শিবির। তবে মঞ্চসজ্জার এই কৌশল আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের মন কতটা গলাতে পারবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শেষ পর্যন্ত ভোটের বাক্সে এর প্রতিফলন কতটা ঘটে, এখন সেটাই দেখার।

