লেটেস্ট নিউজ

ব্রিটিশ বাহিনীকে রণকৌশল শেখাবে ভারত, নয়া প্রতিরক্ষা চুক্তিতে সিলমোহর

একসময়ের শাসকদের আকাশপথে যুদ্ধের পাঠ দেবে ভারতীয় বায়ুসেনা। গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের ভারত সফরের সময় স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’বছরের জন্য ভারতীয় বায়ুসেনার তিন জন তুখোড় ‘ফ্লাইং ইনস্ট্রাক্টর’ বা যুদ্ধবিমান প্রশিক্ষক ব্রিটেন যাচ্ছেন। তাঁরা সে দেশের ‘রয়্যাল এয়ার ফোর্স’ (আরএএফ)-এর সদস্যদের আধুনিক যুদ্ধবিমান চালানোর খুঁটিনাটি ও জটিল রণকৌশল শেখাবেন।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, ওয়েলসের ভ্যালি অঞ্চলে রয়্যাল এয়ার ফোর্সের ৪ নম্বর ফ্লাইং ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণ পর্ব চলবে। ভারতীয় বিশেষজ্ঞরা সেখানে ব্রিটিশ পাইলটদের ‘হক টি২’ এবং ‘টেক্সান টিওয়ান’-এর মতো উন্নত প্রশিক্ষণ জেটের মাধ্যমে পাহাড়ি ও সমুদ্র উপকূলবর্তী দুর্গম এলাকায় অভিযানের কৌশল শেখাবেন। ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযানে ভারতীয় বায়ুসেনার অভাবনীয় সাফল্যের পর থেকেই ভারতের বিশেষ কৌশলগুলো শিখতে আগ্রহী ছিল ব্রিটেন।

এই দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে ভারতও ব্রিটেনের কাছ থেকে প্রায় ৪,১৪৮ কোটি টাকা মূল্যের ‘মার্টলেট’ নামক হালকা বহুমুখী ক্ষেপণাস্ত্র (LMM) সংগ্রহ করবে। লেজার নিয়ন্ত্রিত এই আধুনিক মারণাস্ত্রটি ভারতীয় স্থল, নৌ এবং বায়ুসেনা—তিন বাহিনীই ব্যবহার করতে পারবে। ১৯৩২ সালে ব্রিটিশদের হাতে তৈরি হওয়া এই বাহিনী আজ বিশ্বমঞ্চে প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় দুই দেশের সামরিক সম্পর্কে এক নতুন যুগের সূচনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *