লেটেস্ট নিউজ

ব্রিটেনে মেনিনজাইটিস বি-র দাপট: মৃত দুই পড়ুয়া, সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

হামের উদ্বেগের মাঝেই ব্রিটেনে নতুন করে ত্রাস সৃষ্টি করেছে মেনিনজাইটিস বি নামক ব্যাকটেরিয়ার একটি উপরূপ। দক্ষিণ-পূর্ব ব্রিটেনে এই সংক্রমণে ইতিমধ্যে ১৮ ও ২১ বছর বয়সি দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। নিসেরিয়া মেনিনজাইটিডিস নামক এই ব্যাকটেরিয়া অত্যন্ত দ্রুত স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে সংক্রমণ ছড়ায়। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, আক্রান্তদের মধ্যে তীব্র জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, শরীরে র‍্যাশ ও খিঁচুনির মতো লক্ষণ দেখা দিচ্ছে। এটি মূলত সরাসরি সংস্পর্শের মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনে ছড়ায়। মেনিনজাইটিস বি-র প্রভাবে মস্তিষ্কে মারাত্মক প্রদাহের সৃষ্টি হয়, যা শ্রবণশক্তি হ্রাস এমনকি স্থায়ী স্নায়বিক ক্ষতির কারণ হতে পারে। শৈশব থেকে শুরু করে তরুণ প্রজন্মের মধ্যে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

ভারতে মেনিনজাইটিস এ, সি এবং ডবলিউ-১৩৫ প্রতিরোধের টিকা থাকলেও মেনিনজাইটিস বি-র নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বর্তমানে নেই। তবে এ দেশে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল ওষুধের মাধ্যমে এই রোগের চিকিৎসার সুযোগ রয়েছে। চিকিৎসকদের মতে, রোগ নির্ণয়ে এমআরআই বা সিটি স্ক্যান অত্যন্ত জরুরি এবং সংক্রমণ ধরা পড়লে দ্রুত শিরায় অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই রোগের টিকা তৈরির প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *