ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়োগে বিতর্ক, শুভেন্দু ঘনিষ্ঠতার অভিযোগে কমিশনে চিঠি তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ভবানীপুর কেন্দ্রের নতুন রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে দেওয়া এক চিঠিতে শাসক দল অভিযোগ করেছে, সুরজিৎ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে তিনি নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান পদমর্যাদা অনুযায়ী এই পদের জন্য তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।
তৃণমূলের দাবি, ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, তাই শুভেন্দু-ঘনিষ্ঠ কোনো আধিকারিক রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকলে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। চিঠিতে এই নিয়োগ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বলা হয়েছে, পক্ষপাতদুষ্ট আধিকারিকের উপস্থিতি ভোটারদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে, শুভেন্দু অধিকারী এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, নির্বাচন পরিচালনার স্বার্থে কমিশন নিয়ম মেনেই এই বদলি করেছে।
সম্প্রতি স্বচ্ছ ও অবাধ ভোট করানোর লক্ষ্যে রাজ্যজুড়ে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন। গত ১৯ ও ২৩ মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতেই এই রদবদল করা হয়। ইতিপূর্বেই রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং একাধিক জেলার জেলাশাসকদের সরিয়ে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার বার্তা দিয়েছে কমিশন। ভবানীপুরের এই বিতর্কিত নিয়োগ নিয়ে কমিশন পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

