ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন শুভেন্দু, সুকান্তর মন্তব্যে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার ভবানীপুরে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ অভিযানে অংশ নিয়ে তিনি জানান, দল চাইলে শুভেন্দু অধিকারীই এই হেভিওয়েট কেন্দ্রে লড়বেন। এমনকি বিজেপির সাধারণ কোনো কর্মী দাঁড়ালেও মুখ্যমন্ত্রী পরাজিত হবেন বলে সুকান্ত দাবি করেন।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে তৃণমূল শিবিরও। দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, নন্দীগ্রামে নিজের পায়ের তলার মাটি হারিয়েই এখন নিরাপদ আসনের খোঁজ করছেন শুভেন্দু। তৃণমূলের মতে, শুভেন্দুর পক্ষে এবার নিজের কেন্দ্রেই জয় পাওয়া কঠিন হবে, তাই পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি নতুন গল্প ফাঁদছে।
২০২৬ সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি ফের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। শুভেন্দু অধিকারী ইতিপূর্বেও মুখ্যমন্ত্রীকে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন। একদিকে বিজেপি যখন কোমর বেঁধে জনসংযোগ ও দেওয়াল লিখন শুরু করেছে, অন্যদিকে তৃণমূল তাদের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত এই মেগা লড়াইয়ের সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

