লেটেস্ট নিউজ

ভবানীপুরে মমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ শুভেন্দুর, নন্দীগ্রামেও প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে তাঁর হাতে প্রতীক তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর, এবার তাঁর খাসতালুক ভবানীপুরেও লড়াইয়ের ডাক দিলেন শুভেন্দু। সোমবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে নিজের মনোনয়নপত্র জমা দেবেন, যেখানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানসহ শীর্ষ নেতৃত্ব।

বিজেপি নেতৃত্বের দাবি, ভবানীপুরের মানুষ এবার ব্যালটের মাধ্যমে তৃণমূলের ‘লোডশেডিং’ বিতর্কের যোগ্য জবাব দেবে। শমীক ভট্টাচার্য জানান, শুভেন্দু নিজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে নন্দীগ্রামের মানুষের আবেগকে সম্মান জানাতেই তিনি দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে জানান, গত নির্বাচনের পর তাঁর বিরুদ্ধে ৩২টি ‘মিথ্যা’ মামলা করা হয়েছে, যার বিস্তারিত তথ্য তিনি হলফনামায় প্রকাশ করবেন।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিরোধী কণ্ঠরোধের অভিযোগ তুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে পদ্ম শিবির। দীর্ঘ সময় বিধানসভা থেকে সাসপেন্ড থাকা এবং সভা করার জন্য বারবার আদালতের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, লড়াই কেবল ভোটের নয়, অন্যায়ের বিরুদ্ধেও। ২০২৪-এর লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের লিড না পাওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে বিজেপি নেতারা আত্মবিশ্বাসের সাথে জানান, এবার ভবানীপুর ও নন্দীগ্রাম—উভয় কেন্দ্রেই জয় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *