লেটেস্ট নিউজ

ভবানীপুর থেকে ৪৭ হাজার ভোটার উধাও! মমতা কি এবার ভয় পাচ্ছেন? শুভেন্দুর জোরালো হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ চড়ল আরও একধাপ। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তালিকায় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে একধাক্কায় বাদ পড়েছে ৪৭,১১১ জন ভোটারের নাম। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে এই সংখ্যা ১০,৯৯৪।

ভোটার তালিকায় এই বিপুল রদবদল নিয়ে মুখ খুলেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। শুভেন্দুর দাবি, ভবানীপুর থেকে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি ব্যঙ্গ করে বলেন, এবারের নির্বাচনে জেতার মতো পর্যাপ্ত ভোটার আর ভবানীপুরে অবশিষ্ট নেই।

বিরোধী দলনেতার ভাষায়, “যেভাবে ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে মাননীয়া এতদিন কীভাবে জিতে আসছিলেন। যদি সাহস থাকে তবে এবার ভবানীপুর ছেড়ে পালাবেন না, ওখানেই লড়ুন। আপনাকে বোল্ড আউট হতে হবে।”

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ভবানীপুরে এখনও ১৪,১৫৪ জন ভোটারের নথি বিচারাধীন রয়েছে। অর্থাৎ, বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে। নন্দীগ্রামেও ৮,৮১৯ জনের নথি যাচাইয়ের স্তরে আছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারের পর ভবানীপুর উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর মহারণের আগে ভোটার তালিকার এই সমীকরণ এবং শুভেন্দুর ‘ওপেন চ্যালেঞ্জ’ বাংলার রাজনীতিতে নতুন এক দ্বৈরথের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *