ভাঙড়ে টিকিট পাওয়া নিয়ে শওকত মোল্লার আক্ষেপ? অনুগামীদের তুমুল বিক্ষোভের মুখে মুখ খুললেন তৃণমূল নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্যানিং পূর্বের পরিবর্তে ভাঙড় কেন্দ্রে প্রার্থী করায় তৃণমূল নেতা শওকত মোল্লার অনুগামীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও শওকতের বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম বহিরাগত এবং তাঁরা সেখানে পুনরায় শওকত মোল্লাকেই প্রার্থী হিসেবে দেখতে চান।
ভাঙড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। গত বিধানসভা নির্বাচনে আইএসএফ জয়ী হওয়ার পর থেকেই এই এলাকা তৃণমূল-আইএসএফ দ্বন্দ্বে উত্তপ্ত। একদিকে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং অন্যদিকে আরাবুল ইসলামকে নিয়ে রাজনৈতিক জল্পনা—সব মিলিয়ে শওকতের জন্য লড়াই এবার বেশ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
নিজের নির্বাচনী কেন্দ্র পরিবর্তন নিয়ে সরাসরি কোনো আক্ষেপ প্রকাশ না করলেও শওকত মোল্লা দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি নিজের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন। আসন বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বই নেবেন এবং তিনি তা মেনে চলবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

