ভাঙড় দখলে তৃণমূলের মাস্টারস্ট্রোক, নৌশাদদের চ্যালেঞ্জ জানাতে প্রার্থী শওকত মোল্লা – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে আইএসএফ-এর কাছে পরাজিত হয়ে একমাত্র ভাঙড় আসনটি হাতছাড়া হয় শাসকদলের। আসন্ন নির্বাচনে সেই হৃত জমি পুনরুদ্ধারে এবার ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লার ওপরই চূড়ান্ত আস্থা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ তিন বছর ধরে ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে কাজ করা শওকত মোল্লাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। বিশেষ করে এলাকার প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম দল ছাড়ার ঘোষণা দেওয়ায় সমীকরণ জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে শওকতকে প্রার্থী করে আইএসএফ-এর বিরুদ্ধে জোর টক্করের প্রস্তুতি নিল তৃণমূল। আরাবুল ঘনিষ্ঠ অনুগামীদের বড় অংশকে ইতিমধ্যেই নিজের দিকে টেনে নিতে সক্ষম হয়েছেন তিনি।
তবে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে সরিয়ে ভাঙড়ে প্রার্থী করায় স্থানীয় স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্যানিংয়ে তাঁর অনুগামীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অন্যদিকে, ভাঙড়ে আইএসএফ-এর তরফে নৌশাদ সিদ্দিকি নাকি অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। দুই শিবিরের এই লড়াইয়ে ভাঙড়ের ভাগ্য কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

