ভারতের জন্য খুলল হরমুজ প্রণালী, ইরান বিদেশমন্ত্রীর বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বের ২০ শতাংশ তেল রফতানির মূল পথ হরমুজ প্রণালী নিয়ে বড় পদক্ষেপ নিল ইরান। ভারতের মতো ‘বন্ধু দেশগুলোর’ বাণিজ্যিক জাহাজের জন্য এই কৌশলগত জলপথটি খুলে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ আবেদনের পর ইরান এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুম্বইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট জেনারেল সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে যে, ভারত ছাড়াও চীন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তানের জাহাজগুলো এখন থেকে এই পথ দিয়ে নিরাপদ যাতায়াত করতে পারবে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, কোনো জাহাজই ইরানের বিরুদ্ধে প্রতিকূল কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না এবং যাতায়াতের আগে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় বজায় রাখতে হবে। বিশ্বজুড়ে জ্বালানি ও সার সরবরাহের সংকট কাটাতে ইরানের এই কূটনৈতিক সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

