ভারতে তৈরি হবে এভারেস্ট জয়ী শক্তিশালী H125 হেলিকপ্টার
ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কর্নাটকের ভেমাগালে টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং ফরাসি সংস্থা এয়ারবাসের যৌথ উদ্যোগে দেশের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কারখানায় বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী বহুমুখী একক ইঞ্জিনের H125 হেলিকপ্টারটি চূড়ান্ত পর্যায়ে তৈরি ও পরীক্ষা করা হবে। ২০২৭ সালের শুরুর দিকেই এখান থেকে প্রথম কপ্টারটি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
অত্যধিক উচ্চতা ও প্রতিকূল আবহাওয়ায় পারদর্শী এই H125 হেলিকপ্টারটি পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ, নজরদারি এবং পর্যটনের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য। ঘণ্টায় ২৫০ কিমি বেগে উড়তে সক্ষম এই কপ্টারটি একনাগাড়ে ৬৬২ কিমি পথ অতিক্রম করতে পারে। আগামী ২০ বছরে ভারতে এরকম প্রায় ৫০০টি হেলিকপ্টার তৈরির পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় সরবরাহকারী এবং কয়েক হাজার দক্ষ কর্মীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বেসামরিক ব্যবহারের পাশাপাশি এখানে সামরিক সংস্করণ H125M-ও তৈরি হবে। এটি রকেট, মিসাইল ও আধুনিক ডিজিটাল ককপিট সমৃদ্ধ, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে প্রতিকূল সীমান্তে নিখুঁত অভিযান চালাতে সক্ষম। বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এই মডেলটি ব্যবহৃত হচ্ছে। ভারতের উত্তর সীমান্তের দুর্গম অঞ্চলে মোতায়েন বাহিনীর জন্য এই দেশীয় উৎপাদন সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

