ভারত ও আফগানিস্তানে বিমান হামলার হুমকি পাকিস্তানের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে নয়া দিল্লি ও কাবুলে একযোগে বিমান হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারত ও আফগানিস্তান মিলে ইসলামাবাদের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে। সন্ত্রাসবাদ দমনের নামে প্রয়োজনে দুই প্রতিবেশী দেশের রাজধানীতেই নিশানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই আগ্রাসী মনোভাবের নেপথ্যে একাধিক কৌশলগত কারণ রয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে আর্থিক সংকট মেটানো, অন্যদিকে আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব কমানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে ২০২৫ সালে ‘অপারেশন সিঁদুর’-এ বিপর্যয়ের পর এবং বর্তমানে অভ্যন্তরীণ ও সীমান্ত সমস্যায় জর্জরিত পাকিস্তান এই হুমকির মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণের মরিয়া চেষ্টা চালাচ্ছে।
তবে বাস্তবে দুই ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। গত বছর ভারতীয় ও আফগান বাহিনীর কাছে পাকিস্তানের ক্ষয়ক্ষতির ক্ষত এখনো তাজা। এছাড়া গাজা উপত্যকায় বাহিনী মোতায়েন এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন পাক ফৌজের পক্ষে এমন দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া প্রায় আসাম্ভব। আপাতত ইসলামাবাদের এই চরমপন্থী বয়ানকে নিছক মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছে নয়াদিল্লি।

