ভারত-পাক মহারণে হারের ধাক্কা, সেনাপ্রধানের রোষে এবার কি মহসিন নকভির বিদায় ঘণ্টা – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, পাক ক্রিকেট দলের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির। দলের প্রস্তুতি এবং মাঠের রণকৌশল নিয়ে সেনাপ্রধানের আপত্তির মুখে পড়ে পিসিবি প্রধান মহসিন নকভির ভবিষ্যৎ এখন টালমাটাল। পাক ক্রিকেটের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভারতের বিরুদ্ধে হারের নেতিবাচক প্রভাব সরাসরি সরকারের ওপর পড়ায় ক্ষুব্ধ হয়েছে দেশটির সামরিক বাহিনীও।
রিপোর্ট অনুযায়ী, সেনাপ্রধান মুনির ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতার অভাব এবং হারের নেপথ্যে থাকা কারণগুলো খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে। নকভি বোর্ডের প্রধান হওয়ার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলাচ্ছেন, তাই এই ব্যর্থতার দায়ভার তাঁর ওপরই বর্তাচ্ছে। ক্রিকেটীয় বিষয় ছাপিয়ে জনগণের আবেগের কথা মাথায় রেখে প্রশাসন এখন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, যা নকভির পদচ্যুতির পথ প্রশস্ত করতে পারে।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে না খেলার বিতর্কিত মন্তব্য এবং সেখানে সেনাপ্রধানের নাম জড়িয়ে ফেলায় নকভির ওপর আগে থেকেই বিরক্ত ছিল সেনা সদর দপ্তর। নকভি দাবি করেছিলেন যে তাঁরা কাউকে ভয় পান না, কারণ তাঁদের সাথে সেনাপ্রধান আছেন। এই মন্তব্যটিকে সামরিক বাহিনী ভালো চোখে নেয়নি। হারের পর সেই পুরনো ক্ষোভ এখন নতুন মাত্রা পেয়েছে। পিসিবি-র অন্দরে চলা দলাদলি এবং মাঠের ব্যর্থতা— এই দুইয়ের জাঁতাকলে পড়ে মহসিন নকভির বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

