ভারত-বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে নয়া মোড়, মুস্তাফিজুর বিতর্ক ভুলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে মরিয়া প্রতিবেশী দেশ

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে এবার সক্রিয় পদক্ষেপ নিল বাংলাদেশ। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা ঘুচিয়ে ফেলতে চায় ঢাকা। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) একটি বিশেষ চিঠি পাঠিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিবেশী দেশটির লক্ষ্য, আগামী সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সাদা বলের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের সাথে পূর্বের তিক্ততা বজায় রাখতে আগ্রহী নয়। বিশেষ করে আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে। ভারত যদি সেই টুর্নামেন্টে খেলতে না যায়, তবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে আয়োজক দেশ। এই সমস্ত দিক বিবেচনা করেই বিসিবি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে জট কাটানোর চেষ্টা চালাচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর ভারতের নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল হয়ে গিয়েছিল। সেই বকেয়া সিরিজটি এ বছর আয়োজন করতে মুখিয়ে আছে ওপার বাংলার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, সরকারের নির্দেশ ছাড়া সফরের বিষয়ে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।
বর্তমানে দুই দেশের ক্রিকেটীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিরিজ। বাংলাদেশ বোর্ড চাইছে দ্রুত সূচি চূড়ান্ত করে কূটনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিললে দীর্ঘ প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক লড়াই মাঠের ক্রিকেট ছাড়িয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে আপাতত বল ভারতের কোর্টে, এবং নজর রয়েছে দিল্লির সরকারি সিদ্ধান্তের দিকে।
