ভারত মণ্ডপমে বিশ্ব এআই সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
রাজধানীর ভারত মণ্ডপমে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশ্বমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। অনুষ্ঠানের শুরুতে বিশ্বনেতাদের সঙ্গে একটি বিশেষ ‘ফ্যামিলি ফটো’ তোলার পর প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন এবং ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’ ঘুরে দেখবেন।
এই মহাসম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০-এর বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, ১০০ জন সিইও এবং প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ মন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজে লাগানো। দুপুরে আয়োজিত ‘লিডার্স প্লেনারি’ অধিবেশনে বিশ্বনেতারা শাসন কাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এআই-এর নিরাপদ ব্যবহারের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
বিকেলে শীর্ষ শিল্পপতি ও সরকারি প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিনিয়োগ, গবেষণা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এআই প্রযুক্তির প্রয়োগ নিয়ে গুরুত্বারোপ করা হবে। সাতটি পৃথক কর্মগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপদ এআই এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভবিষ্যৎ রূপরেখা তৈরি করবে। মূলত প্রযুক্তি-নির্ভর বিশ্ব গড়ার ক্ষেত্রে ভারতের নেতৃত্বদানকারী অবস্থানকে সুদৃঢ় করতেই এই বিশালাকার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

