ভেনেজুয়েলার পর এবার কিউবা দখলের হুঁশিয়ারি ট্রাম্পের, চরম সংকটে দ্বীপরাষ্ট্র – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলার রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার ফিদেল কাস্ত্রোর দেশ কিউবাকে নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দম্ভোক্তি করে বলেন, কিউবাকে নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন এবং যেকোনো উপায়ে দেশটি দখলের সুযোগ পাবেন বলে আশাবাদী। ওয়াশিংটনের মূল লক্ষ্য এখন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলকে ক্ষমতাচ্যুত করা।
লক্ষ্যপূরণে কিউবার ওপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে হোয়াইট হাউস। নৌবহর দিয়ে আমদানির পথ রুদ্ধ করার পাশাপাশি ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি কিউবার কাছে তেল বিক্রয়কারী দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর ফলে গত তিন মাস ধরে দেশটিতে কোনো জ্বালানি পৌঁছায়নি, যা কিউবার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
জ্বালানি সংকটের জেরে বর্তমানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে কিউবা; সোমবার দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে হোয়াইট হাউস বা কিউবা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

