ভোটকর্মী নিয়োগে অনিয়ম: পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অপসারিত, তুঙ্গে শাসক-বিরোধী তরজা – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করে অস্থায়ী কর্মীদের ভোটকর্মী হিসেবে নিয়োগের অভিযোগে অপসারিত হলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক শ্রীহরি উনিস রিশিন ইসমাইল। বুধবার কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিইও মনোজ আগরওয়ালের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নিরঞ্জন কুমারকে। রাজ্যজুড়ে একের পর এক আধিকারিক বদলি নিয়ে কলকাতা হাইকোর্টে চলা মামলার শুনানিতেও কমিশন তাদের অবস্থানে অনড় রয়েছে।
এদিকে ভবানীপুরের নবনিযুক্ত রিটার্নিং অফিসার সুরজিৎ রায়ের অপসারণ দাবি করে কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, নন্দীগ্রামের প্রাক্তন এই বিডিও রাজনৈতিকভাবে বিজেপির ঘনিষ্ঠ, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে। সোমবার রাতে ৭৩ জন রিটার্নিং অফিসারের রদবদলের তালিকায় সুরজিৎবাবুর নাম অন্তর্ভুক্ত হওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। এই নিয়োগ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করতে পারে বলেও দাবি করা হয়েছে।
প্রশাসনিক স্তরে এই রদবদলের আবহে এবার রাজ্য পুলিশেও ব্যাপক রদবদলের জল্পনা শুরু হয়েছে। আইসি, ওসি থেকে শুরু করে ডিএসপি পদমর্যাদার শতাধিক অফিসারকে বদলি করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘনঘন বদলিকে কমিশন ও বিজেপির আঁতাত বলে সরব হয়েছেন। সিনিয়রিটি লঙ্ঘন করে আধিকারিকদের নিচের পদে নামিয়ে দেওয়ার অভিযোগে প্রশাসনের অন্দরেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

