ভোটযুদ্ধের আগে বড় চমক মমতার, জেলবন্দি জ্যোতিপ্রিয়র ঘাড়েই গুরুদায়িত্ব দিল তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
চব্বিশের লোকসভা জয়ের পর এবার লক্ষ্য ছাব্বিশের বিধানসভা। চতুর্থবার নবান্ন দখলের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। আর রণকৌশল সাজানোর শুরুতেই চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের তরফে তিন গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা— বারাসাত, জঙ্গিপুর এবং বহরমপুরের জন্য বিশেষ নির্বাচনী কোর কমিটি ঘোষণা করা হয়েছে।
সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে বারাসাত সাংগঠনিক জেলাকে কেন্দ্র করে। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি থাকলেও, হাবড়ার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেই এই জেলার কোর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে ‘বালু’র ওপর আস্থা বজায় রেখে দল স্পষ্ট বার্তা দিতে চাইল যে, সাংগঠনিক দক্ষতায় তাঁর বিকল্প এখনও খুঁজে পায়নি তৃণমূল।
অন্যদিকে, বহরমপুর ও জঙ্গিপুরেও বিশেষ নজর দিয়েছে ঘাসফুল শিবির। একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এই দুই জেলায় ঘর গোছাতে ১০ এবং ১৬ সদস্যের শক্তিশালী কোর কমিটি গঠন করা হয়েছে। গত লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়ের পর বহরমপুরে নিজেদের আধিপত্য ধরে রাখাই এখন শাসকদলের প্রধান চ্যালেঞ্জ।
শনিবার দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জেলবন্দি নেতাকে বাড়তি দায়িত্ব দিয়ে তৃণমূল কোন সমীকরণ সাজাচ্ছে, তা নিয়েই এখন তুঙ্গে বিতর্ক।

