ভোটারদের ভাগ্য কি ঝুলেই থাকবে? পশ্চিম বর্ধমানে ১ লক্ষ ৩৭ হাজার জন এখনো বিচারাধীন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা আসনে সোমবার থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে নির্বাচনের আগে জেলাজুড়ে ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় মাত্র ১৩ হাজার মামলার নিষ্পত্তি হলেও, বাকি কয়েক হাজার ভোটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ৬৮৩৪ জনের নাম বাদ পড়েছে এবং ৪৯৬০ জনের নাম নতুন করে যুক্ত হয়েছে। ২৩ এপ্রিল নির্বাচনের আগে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, ফলে হাতে সময় অত্যন্ত কম। এই সংকীর্ণ সময়ের মধ্যে হাজার হাজার বিচারাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি করা সম্ভব কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে কোনো স্পষ্ট সদুত্তর পাওয়া যায়নি।
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালে শুনানির জন্য অনলাইনে বা সশরীরে আবেদন করতে পারবেন। এদিকে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন কেন্দ্রে সোমবার সকাল ১১টা থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে। জেলাশাসক পোন্নমবলম এস জানিয়েছেন, ২৬৬টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর।

