লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় তথ্যের অসঙ্গতি,কমিশনের কড়া নজরদারিতে প্রশ্নের মুখে ইআরও-দের ভূমিকা

রাজ্যের ভোটার তালিকায় তথ্যের ব্যাপক অসঙ্গতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দক্ষিণবঙ্গের একটি জেলাতেই ‘টু বি রিভিউড’ তালিকার সংখ্যা এক রাতেই দেড় হাজার থেকে বেড়ে প্রায় আট হাজারে পৌঁছেছে। বিশেষ করে পাঁশকুড়া পশ্চিমের মতো এলাকায় ভোটার ও পরিবারের নামের নথিতে অমিল থাকা সত্ত্বেও নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা (ERO) সেগুলিকে ‘ফাউন্ড ওকে’ বলে ছাড়পত্র দেওয়ায় দানা বেঁধেছে বিতর্ক।

কমিশন সূত্রে খবর, পশ্চিমাঞ্চল বাদে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় ১০ হাজার ভোটারের নথিতে এমন ত্রুটি ধরা পড়ছে। এর ফলে রাজ্যজুড়ে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোল অবজারভারদের পর্যবেক্ষণে নথিপত্রহীন আবেদনগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে না বলে সাফ জানিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।

উপযুক্ত প্রমাণ ছাড়া আবেদনের অনুমোদন দেওয়া ইআরও-দের তালিকা তৈরি করছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, নির্দিষ্ট ১৩টি স্বীকৃত নথির বাইরে তথ্য জমা দিলে বা প্রমাণের অভাবে এই জটিলতা তৈরি হতে পারে। এসআইআর প্রক্রিয়া শেষ হতে অল্প সময় বাকি থাকায় এই বিপুল সংখ্যক ভোটারের চূড়ান্ত ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কর্তব্যে গাফিলতি করা আধিকারিকদের বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *