ভোটার তালিকায় শশী পাঁজার নাম নিষ্পত্তি, এখনো অনিশ্চয়তায় তৃণমূলের একাধিক প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় অবশেষে শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার নাম অন্তর্ভুক্ত হয়েছে। ইতিপূর্বে তাঁর নাম ‘অ্যান্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন থাকায় প্রার্থপদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শশী পাঁজার পাশাপাশি বীরভূমের হাঁসনের প্রার্থী কাজল শেখের নামও এই তালিকায় ঠাঁই পেয়েছে, যার ফলে তাঁদের নির্বাচনে লড়তে আর কোনো আইনি বাধা রইল না।
তবে স্বস্তি মিললেও উদ্বেগ কাটেনি উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। দ্বিতীয় তালিকায় তাঁর নামের নিষ্পত্তি না হওয়ায় তিনি এখনো বিচারাধীন অবস্থাতেই রয়েছেন। একইভাবে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নামও এখনো ঝুলে রয়েছে। যান্ত্রিক ত্রুটি ও আইনি জটিলতার কারণে এই প্রার্থীদের ভাগ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসায় এই আইনি প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল পাঠিয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন পেশের শেষ তারিখের মধ্যে সমাধান না হলে বড়সড় সংকটের মুখে পড়তে পারেন এই প্রার্থীরা।

