ভোটার তালিকায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’, চলতি সপ্তাহেই প্রথম পরিপূরক তালিকা প্রকাশের ঘোষণা কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল নির্বাচন কমিশন। স্পেশ্যাল রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রথম পরিপূরক ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে বর্তমানে ভোটার তালিকা সংশোধনের যাচাই বা ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। তবে ইতিমিধ্যেই প্রায় ২০ লক্ষ মামলার নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওডিশা থেকে ১০০ জন করে অতিরিক্ত আধিকারিক আনা হয়েছে। বর্তমানে মোট ৭০৫ জন বিচার বিভাগীয় আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন এবং বাদ পড়া নামগুলোর আপিল শুনানির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।
রাজ্যে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ৪ মে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬.৪৪ কোটি, যার মধ্যে নতুন করে ১.৯ লক্ষ নাম যুক্ত হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ অতিক্রান্ত হলে ভোটার তালিকায় আর কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই নির্ধারিত সময়ের আগেই স্বচ্ছ তালিকা প্রকাশ করতে তৎপরতা বাড়িয়েছে কমিশন।

