ভোটার তালিকা থেকে উধাও ৬৫ লক্ষ নাম! আমডাঙায় নিজের বুথেই ‘বিচারাধীন’ বিএলও, ব্যাপক চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্যজুড়ে তীব্র শোরগোল। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব আসতেই দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। সেখানে ৪৬ নম্বর বুথের ১২৫০ জন ভোটারের মধ্যে ৫০০ জনকেই শুনানিতে ডাকা হয়েছিল। অবাক করার মতো বিষয় হলো, সব নথি থাকা সত্ত্বেও ৩৫০ জনের নাম ঠাঁই পেয়েছে ‘বিচারাধীন’ তালিকায়। তালিকায় নাম নেই খোদ ওই বুথের বিএলও মহম্মদ রবিউল ইসলামেরও! নিজের বুথেই নিজে ‘বিচারাধীন’ হয়ে পড়ায় হতবাক তিনি।
এই বিভ্রান্তিকর তালিকার জেরে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বিএলও-রা। গত চার মাস ধরে হাড়ভাঙা খাটুনির পর এমন ভুলে ভরা তালিকা আসায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। ক্ষুব্ধ জনতার রোষানলে পড়ার ভয়ে অনেক বিএলও এলাকায় ঢুকতে ভয় পাচ্ছেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিজেপির অঙ্গুলিহেলনে কমিশন এই কাজ করেছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো।

