লেটেস্ট নিউজ

ভোটার তালিকা প্রকাশে টানটান উত্তেজনা: রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার নির্দেশ নবান্নর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে সাপ্লিমেন্টারি বা পরিপূরক ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীকাল, ২৩ মার্চ রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে এই তালিকা প্রকাশিত হবে। সম্ভাব্য ভিড় ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং কমিশনারদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিশেষত, যে ৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন ছিল, তাদের ভাগ্য নির্ধারণ নিয়ে রাজনৈতিক মহলে পারদ চড়ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমদ্যেই প্রায় ২৭ লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। মুর্শিদাবাদ, মালদা ও দুই চব্বিশ পরগনার মতো স্পর্শকাতর জেলাগুলোতে যাচাই প্রক্রিয়া নিয়ে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকেও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, কোনো যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন।

অন্যদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সরগরম রাজ্য রাজনীতি। শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তর ও দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমান্তরাল প্রচারের কৌশল নিয়েছে। পাল্টা প্রস্তুতি সারছে বিজেপিও, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক জনসভা ও মেগা রোড-শোর পরিকল্পনা রয়েছে। ভোটার তালিকা প্রকাশ এবং রাজনৈতিক হেভিওয়েটদের এই প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কার্যত নিশ্ছিদ্র করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *