ভোটার তালিকা প্রকাশ হতেই রণক্ষেত্র হুগলি, পুড়ল সরকারি নথি – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে তুলকালাম শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রবিবাসরীয় সকালে হুগলির উত্তরপাড়ায় চূড়ান্ত তালিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বৈধ নথি জমা দেওয়ার পরেও কয়েক লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে। যা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোধূলি এলাকা।
রেকর্ড সংখ্যক নাম বাদ ঘিরে সংশয়
এসআইআরের খসড়া তালিকা থেকে আগেই বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। এবার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাতিল করল কমিশন। ফলে ২০২৫ সালের হিসেব অনুযায়ী বাদের তালিকায় মোট সংখ্যা দাঁড়াল ৬৩ লক্ষেরও বেশি। এর পাশাপাশি আরও ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ‘বিচারাধীন’ বা ঝুলে রয়েছে। বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও কেন এভাবে গণহারে নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
ষড়যন্ত্রের অভিযোগ ও জনরোষ
হিন্দমোটরের বাসিন্দা জয়দেব বন্দ্যোপাধ্যায় জানান, শুনানিতে গিয়ে সমস্ত নথিপত্র দেখানোর পরেও তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি তবে ঘুরপথে পূরণ করছে কমিশন? স্থানীয় শিক্ষিকা শাশ্বতী সেনের মতে, যারা দীর্ঘদিন ভোট দিচ্ছেন, তাদের নাম এভাবে বাদ দেওয়া আসলে এক ধরণের নির্যাতন।
কমিশনের পরিসংখ্যান ও পরবর্তী পদক্ষেপ
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন। যদিও বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে কমিশনের পক্ষ থেকে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে যাদের নাম বাদ গিয়েছে, তাদের পুনরায় ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। আপাতত এই তালিকা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে রয়েছে হুগলির বিভিন্ন প্রান্ত।

