ভোটার তালিকা সংশোধনে বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা ও সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বিশেষ ‘আপিল ট্রাইব্যুনাল’ গঠন করল জাতীয় নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতের বিচার বিভাগীয় আধিকারিকদের নির্দেশের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটাররা এখানে আবেদন করতে পারবেন।
এই প্রক্রিয়ার জন্য ২৩টি জেলার দায়িত্বে মোট ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচার বিভাগীয় আধিকারিককে নিয়োগ করা হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। অন্যান্য জেলার জন্য পৃথকভাবে অভিজ্ঞ বিচারপতিদের নাম বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক সমস্ত অভিযোগ নিষ্পত্তি হওয়ার সাথে সাথেই এই ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হবে বলে কমিশন জানিয়েছে।
ভুক্তভোগী ভোটাররা দুইভাবে তাদের আবেদন জমা দিতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট পোর্টাল (https://erinet.eci.gov.in) ব্যবহার করতে হবে। এছাড়া অফলাইনে সংশ্লিষ্ট জেলার ডিএম, এডিএম বা এসডিও অফিসে সশরীরে গিয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে। এই ট্রাইব্যুনাল গঠনের ফলে ভোটার তালিকা সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

