ভোটের আগেই কি ফল ঘোষণা হয়ে গেল? শুভেন্দুর ‘১৭৭’ ম্যাজিকে ইভিএম হ্যাকের বিস্ফোরক অভিযোগ ব্রাত্যর – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর মহাযুদ্ধ শুরুর আগেই বিধানসভার আসন সংখ্যা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার রামনগরের সভা থেকে আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, এবার বিজেপি ১৭৭-এর নিচে নামবে না। তাঁর এই গাণিতিক পরিসংখ্যান ঘিরেই তোলপাড় রাজ্য রাজনীতি।
শুভেন্দুর যুক্তি, ২০১৬ সালে ৩ এবং ২০২১ সালে ৭৭ আসন পাওয়ার পর এবার লক্ষ্য ১৭৭। ভোটার তালিকা সংশোধনকে ‘ব্রেকফাস্ট ও লাঞ্চ’ আখ্যা দিয়ে তিনি ইঙ্গিত দেন, আসল খেলা অর্থাৎ ‘ডিনার’ এখনও বাকি। বিরোধী দলনেতার এই আগাম ভবিষ্যদ্বাণী ঘিরেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস।
পাল্টা আক্রমণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রশ্ন তুলেছেন, ভোট হওয়ার আগেই শুভেন্দু নির্ভুল সংখ্যা জানলেন কীভাবে? তবে কি ইভিএম হ্যাক করার নীল নকশা তৈরি হয়ে গিয়েছে? তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচন ঘোষণার আগেই দুই শিবিরের এই সংখ্যাতত্ত্ব ও হ্যাকিং তরজায় সরগরম বাংলার রাজনৈতিক মহল।

