ভোটের আগে জ্ঞানেশকে সরানোর তৎপরতা! সংসদে অপসারণ নোটিসে ১৯৩ সাংসদের সই নিয়ে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেস ও তৃণমূলসহ ইন্ডিয়া জোটের ১৯৩ জন সাংসদ ইতিমধ্যে এই সংক্রান্ত নোটিসে স্বাক্ষর করেছেন। শুক্রবার লোকসভা বা রাজ্যসভায় এই প্রস্তাব জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী, লোকসভায় ১০০ এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের সমর্থন প্রয়োজন হলেও বিরোধীরা সেই সংখ্যা পার করে ফেলেছেন।
রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের অভিযোগ, কর্নাটক ও হরিয়ানা নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়া সত্ত্বেও জ্ঞানেশ কুমার তা নিয়ে কোনো তদন্ত করেননি। এছাড়া পক্ষপাতিত্ব, নির্বাচনী জালিয়াতিতে মদত এবং ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার মতো সাতটি গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংসদে আনুষ্ঠানিক অপসারণের নোটিস জমা পড়তে চলেছে।
এই ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও উত্তাপ বেড়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে পরাজয়ের ভীতি হিসেবে উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলের মতে, ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং জ্ঞানেশ কুমারের অপসারণ ইস্যু ঘিরে বর্তমানে উত্তাল সংসদীয় রাজনীতি। আগামী সোমবার রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এই সংঘাত চূড়ান্ত রূপ নিল।

