লেটেস্ট নিউজ

ভোটের গেরোয় অনিশ্চিত আইপিএল! বিরাটদের প্রথম ম্যাচ নিয়ে কেন চরম ধোঁয়াশায় বিসিসিআই – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের কোটিপতি লিগ আইপিএল শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিসিসিআই সূত্রের খবর, টুর্নামেন্ট শুরুর তারিখ অন্তত দু-দিন পিছিয়ে ২৮ বা ২৯ মার্চ হতে পারে। কিন্তু কেন হঠাৎ এই ডামাডোল? এর নেপথ্যে রয়েছে ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

ভোটের সূচিতেই আটকে আইপিএলের ভাগ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আইপিএলের দামামা বাজার কথা ছিল। আগামী ৮ মার্চ বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার মাত্র ১৮ দিন পরেই আইপিএলের ১৯তম আসর শুরু হওয়ার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে বাদ সেধেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচন। আইপিএলের হেভিওয়েট দুই দল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে ম্যাচ আয়োজন নিয়ে বড়সড় নিরাপত্তা ও লজিস্টিক সমস্যা দেখা দিতে পারে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হওয়ায় পূর্ণাঙ্গ সূচি তৈরি করতে গিয়ে কার্যত কালঘাম ছুটছে জয় শাহদের।

২০১৯ সালের ফর্মুলা কি ফিরছে

বিসিসিআইয়ের অন্দরমহলে আলোচনা চলছে যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও হয়তো দুই দফায় সূচি প্রকাশ করা হতে পারে। প্রথমে টুর্নামেন্টের প্রথম ভাগের সূচি ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বোর্ড। পরবর্তীতে নির্বাচনের তারিখ স্পষ্ট হলে চূড়ান্ত সূচি জানানো হবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনই পূর্ণাঙ্গ সূচি দাবি করছে, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে স্পনসরশিপ এবং ক্রিকেটারদের যাতায়াতের বিশাল কর্মকাণ্ড।

চ্যাম্পিয়ন আরসিবির ঘরের মাঠে কি হবে না উদ্বোধন

সূচি বিভ্রাটের পাশাপাশি আরও একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে উদ্বোধনী ম্যাচ নিয়ে। রীতি অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচ হওয়ার কথা। কিন্তু সেখানে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে এখনো সবুজ সংকেত মেলেনি। ফলে বিরাট কোহলিদের প্রথম ম্যাচ আদৌ কোথায় হবে বা জাঁকজমকপূর্ণ উদ্বোধন কোথায় আয়োজিত হবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎকণ্ঠা বেড়েই চলেছে।

বোর্ডের এই ‘ঘেঁটে ঘ’ অবস্থায় আইপিএল প্রেমীদের নজর এখন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির দিকে। ভোটের নির্ঘণ্ট হাতে পেলেই হয়তো কাটবে আইপিএলের এই মেঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *