ভোটের জেরে অনিশ্চিত ডার্বি, সূচি বদলাতে পারে ইস্ট-মোহনের একাধিক ম্যাচের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে আইএসএলের হাইভোল্টেজ কলকাতা ডার্বি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৪ মে নির্বাচনের ফল ঘোষণা, অথচ তার ঠিক আগের দিন ৩ মে যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হওয়ার কথা। একই দিনে কিশোর ভারতীতে মহামেডান ও মুম্বই সিটির ম্যাচও রয়েছে। ফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে এই মেগা ম্যাচগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় ডার্বির দিনক্ষণ পিছিয়ে যাওয়া বা ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের এই সূচির প্রভাবে ২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি এবং ২৬ এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশী ম্যাচ দুটির আয়োজন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এছাড়া ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগের দিন অর্থাৎ ২৮ এপ্রিল যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবগুলো আলোচনা শুরু করেছে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, আইএসএলের বর্তমান সূচি ক্লাবগুলোই নির্ধারণ করেছে। ফলে উদ্ভুত পরিস্থিতিতে সূচি পরিবর্তনের বিষয়ে ক্লাবগুলো আলোচনা করে ফেডারেশনকে জানাবে। ডার্বি পিছিয়ে দেওয়া হবে নাকি ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু ও কেরলসহ একাধিক রাজ্যে ৪ মে নির্বাচনের ফল ঘোষণা হবে, যা ফুটবল সূচিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

