ভোটের তালিকায় নাম তোলা নিয়ে চরম উদ্বেগ, মালদহে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহের চাঁচোল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতে এক বুথ লেভেল অফিসার বা বিএলও-র রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত উৎপল থোকদার (৫৪) পেশায় এক উচ্চ বিদ্যালয়ের প্যারাটিচার ছিলেন এবং নদাপাড়া ৯৩ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, অতিরিক্ত ভোটার তালিকায় এলাকার ১১০ জন বিচারাধীন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে গত কয়েকদিন ধরেই প্রবল মানসিক চাপে ছিলেন উৎপল বাবু। সোমবার সেই তালিকা প্রকাশের কথা ছিল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপ এবং দুশ্চিন্তার কারণেই এই মর্মান্তিক পরিণতি। পুলিশ ইতিমদ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর পর্ব চলাকালীন ইতিপূর্বেও একাধিক বিএলও এবং ভোটারের মৃত্যুর খবর সামনে এসেছে। ক্রমবর্ধমান কাজের চাপ সহ্য করতে না পেরে অনেক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহল। অতিরিক্ত তালিকা প্রকাশের ঠিক আগের দিন মালদহের এই ঘটনা প্রশাসনের ওপর পুনরায় মানসিক চাপের বিষয়টি সামনে নিয়ে এল।

