ভোটের ময়দানে এবার ডাক্তাররা! চাকরিহারা শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশনের কড়া দাওয়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার সরাসরি ভোট পরিচালনার দায়িত্বে থাকছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। ইতিমধ্যেই বহু চিকিৎসকের কাছে প্রিসাইডিং অফিসার হওয়ার নির্দেশিকা পৌঁছেছে। আরামবাগের একটি মেডিকেল কলেজ থেকেই ৪৯ জন চিকিৎসককে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে চাকরিহারা বা দুর্নীতির অভিযোগে বিদ্ধ শিক্ষকদের ভোটের কাজ থেকে পুরোপুরি সরিয়ে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। ভুলবশত কারও নাম তালিকায় চলে এলে তা দ্রুত সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কোনও চুক্তিভিত্তিক কর্মীকেও ভোটের ডিউটিতে রাখা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়ার মতো কড়া সিদ্ধান্তও নিয়েছে কমিশন। চিকিৎসকদের ভোটের কাজে নিয়োগের ফলে হাসপাতালের পরিষেবা ব্যাহত হবে কি না, তা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে।

