ভোটের ময়দানে নামার আগে মাতৃবন্দনা: জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের আবেগঘন মুহূর্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজনীতির তীব্র লড়াই আর প্রচারের ব্যস্ততার মাঝে জলপাইগুড়িতে ধরা পড়ল এক মানবিক ও ব্যতিক্রমী চিত্র। বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামার আগে প্রথাগত আরাধনার পরিবর্তে নিজের জন্মদাত্রী মাকেই পুজো করলেন জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। বারোপেটিয়ার নিজ বাসভবনে আয়োজিত এই বিশেষ মুহূর্তটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে।
শুক্রবার সকালে ৮৭ বছর বয়সী অশীতিপর মা ইরারানি দাসকে হুইলচেয়ারে বসিয়ে ভক্তিভরে পুজো করেন প্রার্থী। নতুন গামছা পেতে, ফুল ও নৈবেদ্য সাজিয়ে মাকেই ঈশ্বরের আসনে বসিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী মায়ের প্রতি সন্তানের এই অকৃত্রিম শ্রদ্ধা দেখে উপস্থিত দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা আবেগপ্রবণ হয়ে পড়েন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে একজন প্রার্থীর এই মাতৃভক্তি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। মায়ের আশীর্বাদ নিয়ে সরাসরি জনগণের দরবারে পৌঁছাতে প্রচার শুরু করেছেন কৃষ্ণ দাস। ভোটের ময়দানে লড়াই যতই কঠিন হোক না কেন, নির্বাচনের আগে এই অনন্য শ্রদ্ধা নিবেদনের ছবি জেলার মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

