ভোটের মুখে উত্তাল বাংলা! রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির বিস্ফোরক অভিযোগ মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে আজ কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পরাজয় নিশ্চিত জেনেই রাজ্যে ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’ জারি করেছে বিজেপি। শুধু তাই নয়, নির্বাচনের পর এনআরসি ও জনগণনার নাম করে লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে অনৈতিক সুবিধা পেতে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের ছক কষছে গেরুয়া শিবির। একই সঙ্গে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে যথেচ্ছভাবে সরকারি আধিকারিকদের বদলি করা হচ্ছে। মমতার সরাসরি তোপ, “বিজেপির নির্দেশেই কমিশন অফিসারদের সরাচ্ছে যাতে ভোটের আগে রাজ্যে অবাধে অর্থ ও অস্ত্র পাচার করা যায়।”
এদিন এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম মোছার প্রক্রিয়া চলছে। প্রায় ১০ লক্ষ মানুষের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে বলে তাঁর কাছে খবর রয়েছে। কেন্দ্রের এই ‘টার্গেট পলিটিক্স’ রুখতে দেশবাসীকে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

