ভোটের মুখে শহরে উদ্ধার ২৫ লক্ষ নগদ, নিউটাউনে পুলিশের জালে ভিন রাজ্যের পাচারকারী – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি হওয়ার পরপরই বিধাননগর গোয়েন্দা শাখা ও ইকোপার্ক থানার যৌথ অভিযানে নিউটাউন সিটি সেন্টারের কাছ থেকে উদ্ধার হলো নগদ ২৫ লক্ষ টাকা। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি চালালে গাড়ির ডিকি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুরেশ ঠাকুর নামে গুজরাটের এক বাসিন্দাকে পুলিশ ইতিমধ্য়ে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলকাতার বড়বাজার থেকে ওই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া এই অর্থের উৎস বা গন্তব্য সম্পর্কে ধৃত ব্যক্তি কোনো বৈধ নথি দেখাতে পারেনি। পুলিশি জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা চলছে, এই টাকা কোথায় এবং কাকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। বিধানসভা নির্বাচনের আবহে এই বিশাল পরিমাণ নগদ উদ্ধার হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের খবর, নির্বাচনকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা রাজ্যে ঢোকানোর চেষ্টা চলছে। মূলত রাজস্থান, দিল্লি ও গুজরাটের মতো রাজ্যগুলি থেকে এই অর্থ এনে রাজনৈতিক অস্থিরতা তৈরির ছক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবারের এই অর্থ উদ্ধার সেই চক্রেরই অংশ কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের প্রবেশপথগুলিতেও তল্লাশি অভিযান ব্যাপক হারে বাড়ানো হয়েছে।

