লেটেস্ট নিউজ

ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি, রাজ্যের কাছে রিপোর্ট তলব কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার পরপরই সিভিক ও ভিলেজ ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে কর্মরত ভলান্টিয়াররা এই সুবিধা পাবেন। গত বছরের তুলনায় বোনাসের অঙ্ক ৬,৮০০ টাকা থেকে বাড়িয়ে এবার ৭,৪০০ টাকা করা হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে অর্থ দপ্তরের সুপারিশ মেনেই এই বর্ধিত অর্থ মঞ্জুর করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক পরেই এই আর্থিক ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের দাবি, ভোট বৈতরণী পার হতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য এই বিশেষ পদক্ষেপ নিয়েছে শাসক দল। এই প্রেক্ষাপটে বিষয়টি খতিয়ে দেখতে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপের ফলে বোনাস প্রদান প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা তৈরি হয় কি না, সেদিকেই নজর সকলের।

প্রশাসনের তরফে এই বোনাসকে নিয়মিত প্রক্রিয়া হিসেবে দাবি করা হলেও, ভোট আবহে এর সময়জ্ঞান নিয়ে চর্চা তুঙ্গে। গ্রামীণ ও শহর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কয়েক লক্ষ ভলান্টিয়ার এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। একদিকে বাড়তি আর্থিক প্রাপ্তিতে কর্মীদের মধ্যে খুশির হাওয়া, অন্যদিকে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের কড়া নজরদারি— সব মিলিয়ে এই বোনাস ইস্যু এখন রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক তর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *