লেটেস্ট নিউজ

ভোটে মুখর বাংলায় ফের কয়লা পাচার কাণ্ডে ইডির অ্যাকশন এবং পুলিশকর্তার বাড়িতে হানা – এবেলা

এবেলা ডেস্কঃ

কয়লা ও বালি পাচার মামলার তদন্তে ফের সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সাত সকালে দুর্গাপুরে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ইডির এই তৎপরতা রাজ্যে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চাঞ্চল্য তৈরি করেছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, অবৈধ কয়লা কারবারি চিন্ময় মণ্ডলের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে পুলিশকর্তা মনোরঞ্জন মণ্ডল ইডির নজরে আসেন। এর আগেও গত ৩ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ রয়েছে, কয়লা ও বালি পাচারের সিন্ডিকেট থেকে ‘প্রোটেকশন মানি’ হিসেবে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এবং সেই টাকার একটি অংশ পৌঁছেছে এই পুলিশ আধিকারিকের কাছে। ইতিপূর্বে দু’বার সমন পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। বুধবার তাঁর দুর্গাপুরের বাসভবনে পৌঁছে আগামী ১৩ মার্চ ইডি দপ্তরে হাজির হওয়ার জন্য তৃতীয়বার নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছেন আধিকারিকরা।

একই দিনে দুর্গাপুরের সেপকো এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি ইডি-র ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে উচ্চপর্যায়ের বৈঠক করার পরেই কয়লা ও বালি পাচার মামলার তদন্তে বিশেষ গতি লক্ষ্য করা যাচ্ছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির পর থেকেই এই মামলার জাল ক্রমশ বিস্তৃত হচ্ছে। জামুরিয়ার এক ব্যবসায়ীর বাড়ি থেকে ইতিমধ্যে প্রায় দেড় কোটি টাকা নগদ উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভোটমুখী বাংলায় এই হাই-প্রোফাইল তদন্ত আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *