ভোট ঘোষণার আগেই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন? নবান্ন দখলে অমিত শাহের মাস্টারপ্ল্যান ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা
বাংলার মসনদ দখলে এবার মরিয়া দিল্লি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের জোর গুঞ্জন, নবান্ন দখলের স্বপ্নপূরণে ভোটের আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার গোপন ছক কষছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিল্লি সফর এবং শাহের সঙ্গে একান্ত বৈঠকের পরেই এই জল্পনা আরও তীব্র হয়েছে।
বিজেপির প্রথম দফার পরিকল্পনাগুলি সেভাবে কাজে না আসায় এবার সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণের পথ বেছে নিতে চাইছে কেন্দ্র। ভোটার তালিকা নিয়ে জটিলতা এবং আইনি লড়াইয়ের আবহে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে এখানেই শেষ নয়, নির্বাচনের অনেক আগেই বাংলায় পা রাখছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১ মার্চ থেকেই রাজ্যে মোতায়েন করা হচ্ছে ২৪০ কো ম্পা নি আধাসেনা। দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি বাহিনী দিয়ে বাংলাকে মুড়ে ফেলার প্রস্তুতি চূড়ান্ত।
সূত্রের খবর, শুধুমাত্র নিরাপত্তা নয়, রাজ্যে পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদলের নীল নকশা তৈরি হয়েছে। পছন্দের আমলা ও পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ভোটের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে কমিশন ও কেন্দ্রীয় মন্ত্রক। ইতিমধ্য়েই সিআরপিএফ-এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে বাহিনী মোতায়েনের সম্পূর্ণ পরিকল্পনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গ বিজেপি নেতাদের আত্মবিশ্বাসী মন্তব্য এবং কেন্দ্রীয় বাহিনীর এই আগাম তৎপরতা আদতে রাষ্ট্রপতি শাসনেরই আগাম সঙ্কেত কি না, তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। নবান্ন দখলের এই ‘মাস্টারপ্ল্যান’ সফল হয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চালে তা ভেস্তে যায়, এখন সেটাই দেখার।

