লেটেস্ট নিউজ

ভোট ঘোষণা হতেই রাজ্যে প্রশাসনিক রদবদল, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরালো নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে। তাঁদের পরিবর্তে যথাক্রমে ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিওয়ালা এবং ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষকে আজ দুপুর ৩টের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ২৮ ফেব্রুয়ারির পর থেকে হওয়া সমস্ত পুলিশ আধিকারিকদের বদলি ও অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাঠানো চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে বদলির নির্দেশিকার কপি জমা দিতে বলা হয়েছে। ভোট প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতেই কমিশনের এই কড়া পদক্ষেপ।

এছাড়াও, ২০২১ সালের বিধানসভা পরবর্তী হিংসা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের নামের তালিকাও আজ বিকেলের মধ্যে পাঠাতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচনী কাজ থেকে বর্তমান অপসারিত আধিকারিকদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *