ভোট বয়কটের ডাক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠানের, সন্তানদের নাম নিয়ে চরম অনিশ্চয়তা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের পাথরার মন্দির সংরক্ষক ও ১৯৯৪ সালে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ‘কবীর পুরস্কার’ জয়ী ইয়াসিন পাঠান আসন্ন নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একাধিকবার জমা দেওয়া সত্ত্বেও ২০২৬ সালের ভোটার তালিকায় তাঁর ছেলে এবং দুই মেয়ের নাম দীর্ঘ দিন ধরে ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। কয়েক দশক ধরে ভোট দিয়ে আসা এই পরিবারের সদস্যদের নাম তালিকায় না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রবীণ সমাজসেবী।
খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত পাথরার বাসিন্দা ইয়াসিন সাহেব জানান, ৪০ বছর বয়সী ছেলে তসবীর পাঠান এবং দুই মেয়ে তানিয়া ও তামান্নার নাম মঙ্গলবারের প্রকাশিত তালিকাতেও অমিমাংসিত রাখা হয়েছে। ইতিপূর্বে তাঁরা নিয়মিত ভোট দিলেও বর্তমানে তাঁদের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই সমস্যার সমাধান না হলে ইয়াসিন পাঠান এবং তাঁর স্ত্রীসহ পরিবারের কেউই এবার বুথমুখী হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি জেলা নেতৃত্ব নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখার কথা বললেও, তৃণমূল বিধায়ক দীনেন রায় ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হেনস্তা করার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছেন। মন্দিরময় পাথরার প্রাণপুরুষ ইয়াসিন পাঠানের এই কঠোর সিদ্ধান্ত জেলা প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

