লেটেস্ট নিউজ

মজুতদারি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির মোকাবিলায় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজ্যগুলিকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটন্যান্ট গভর্নরদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি ‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটের আবহে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্য মজুতদারি বা কালোবাজারি করতে না পারে, তার জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরবরাহ শৃঙ্খল অটুট রাখতে এবং শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্ত ও উপকূলবর্তী রাজ্যগুলিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান ও জাহাজ চলাচলের বিষয়ে অতিরিক্ত নজরদারি চালাতে বলা হয়েছে। এছাড়া, গুজব ও ভুয়ো খবর রুখতেও প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কৃষকদের স্বার্থে খারিফ মরসুমের আগে সার মজুত ও বণ্টনের আগাম পরিকল্পনার পাশাপাশি বিকল্প শক্তির প্রসারেও জোর দিয়েছেন মোদী। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, জ্বালানির দাম নিয়ন্ত্রণে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের সহায়তার জন্য রাজ্যগুলিকে বিশেষ হেল্পলাইন খোলার অনুরোধ জানানোর পাশাপাশি সমন্বয় ও দ্রুত সাড়াদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *