মণিপুরে ২০ জনকে পণবন্দি করল কুকি বিদ্রোহীরা অপহৃতের তালিকায় সেনা জওয়ানও – এবেলা
এবেলা ডেস্কঃ
মণিপুরের পাহাড়ি এলাকায় নতুন করে দানা বাঁধল চরম উত্তেজনা। কুকি ও নাগা সম্প্রদায়ের রেষারেষির জেরে এবার এক ভারতীয় সেনা জওয়ানসহ ২০ জনকে পণবন্দি করার অভিযোগ উঠল কুকি স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে। উখরুল জেলার লিতান থানা এলাকার উখরুল-ইম্ফল সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্তির অশনিসংকেত দেখছে প্রশাসন।
ঘটনার সূত্রপাত উখরুল জেলার থাওয়াই কুকি গ্রামে। কুকি সংগঠন ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’ বা সিওটিইউ-এর দাবি, নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)-এর সশস্ত্র সদস্যরা বিনা প্ররোচনায় কুকি কৃষকদের ওপর গুলি চালায়। এই সংঘর্ষের সময় তাদের দুই স্বেচ্ছাসেবককে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিখোঁজ সঙ্গীদের মুক্তির দাবিতেই পালটা হিসেবে রাস্তায় গাড়ি থামিয়ে ২০ জনকে আটকে রাখে কুকি সদস্যরা।
মণিপুর পুলিশ অবশ্য এই ঘটনাকে দুই গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘর্ষ হিসেবেই দেখছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নিখোঁজ কুকি সদস্যদের খোঁজ পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা শুরু হয়েছে। দ্রুত পণবন্দিদের মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছে প্রশাসন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়নাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে অপহৃতদের নিরাপদ ও নিঃশর্ত মুক্তির আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপদ্রুত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ‘নাগালিম’ বা বৃহত্তর নাগা ভূখণ্ডের দাবিতে সরব এনএসসিএন (আইএম) গোষ্ঠীর সঙ্গে কুকিদের এই সংঘাত মণিপুরের শান্তিশৃঙ্খলাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল। ২০১৫ সালে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি করলেও সাম্প্রতিক এই অস্থিরতা পাহাড়ি রাজ্যে পুনরায় নাশকতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

