মতুয়া মেলায় রেকর্ড সংখ্যক স্পেশ্যাল ট্রেন, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে ঠাকুরনগর – এবেলা
এবেলা ডেস্কঃ
ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের আসন্ন বারুণী মেলা উপলক্ষে একগুচ্ছ বিশেষ দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পূর্ব রেল সূত্রে খবর, বিগত বছরগুলোর তুলনায় এবার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। উত্তরাখণ্ডের কাঠগোদাম, আসামের লামডিং, ছত্তিশগড় ও ওড়িশার বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি বনগাঁ ও ঠাকুরনগর রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা মতুয়া ধর্মাবলম্বীদের সুবিধার্থেই রেলের এই বিশেষ উদ্যোগ। বিশেষত ওড়িশার কেশিঙ্গা, ছত্তিশগড়ের জগদলপুর এবং উত্তর-পূর্ব ভারতের আলিপুরদুয়ার জংশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলো থেকে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে ভক্তদের যাতায়াত আরও সুগম হবে। উৎসবের দিনগুলোতে এই ব্যাপক রেল পরিষেবা কার্যত নজিরবিহীন।
নদিয়া ও উত্তর ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণে মতুয়া ভোট অত্যন্ত নির্ণায়ক। সংশ্লিষ্ট মহলের ধারণা, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে তৈরি হওয়া জনক্ষোভ প্রশমিত করতে এবং মতুয়া সম্প্রদায়ের মন জয় করতেই কেন্দ্র ও রেল মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ থেকে উত্তর-পূর্ব ভারত—সারাদেশের মতুয়া ভক্তদের ঠাকুরনগর মেলায় পৌঁছে দিতেই এই বিশেষ ট্রেন পরিষেবার পরিকল্পনা করা হয়েছে।

