লেটেস্ট নিউজ

মদে ভেজাল রুখতে কড়া পদক্ষেপ: আবগারি দফতরে আসছে নতুন কিউআর কোড ব্যবস্থা

রাজ্যে মদের অবৈধ কারবার ও ভেজাল রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য আবগারি দফতর। ইতিপূর্বে একাধিক অসাধু চক্র ধরা পড়লেও জালিয়াতি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। এই সমস্যা সমাধানে এবার প্রতিটি মদের বোতল ও প্যাকেজিং বক্সে উন্নত প্রযুক্তির কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জালিয়াতি শনাক্তকরণে অত্যন্ত কার্যকর হবে।

নতুন এই ব্যবস্থায় প্রতিটি বোতলের কিউআর কোড স্ক্যান করলে তার উৎপাদন স্থল থেকে শুরু করে দোকানে পৌঁছানো পর্যন্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে। আগে শুধুমাত্র উৎপাদন ইউনিটের নাম জানা যেত, কিন্তু এখন থেকে ই-ট্রান্সপোর্ট পাসের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবহণকারী গাড়ির তথ্যও আবগারি দফতরের নজরে থাকবে। এর ফলে উৎপাদন ও সরবরাহের মাঝপথে ভেজাল মেশানোর পথ বন্ধ হবে।

প্রতিটি মদের বাক্সে একটি নির্দিষ্ট কিউআর কোড থাকবে যা বোতলের কোডের সাথে সংযুক্ত করা হবে। এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু হলে চোরাকারবারীদের পক্ষে বাজারে নকল মদ ছাড়া প্রায় আসাম্ভব হয়ে পড়বে। এই স্বচ্ছতা বজায় থাকলে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, তেমনি রাজ্যে আবগারি খাতে সরকারি রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *