লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘে কাঁপছে আইপিএল ২০২৬, পাল্টে যাচ্ছে টুর্নামেন্টের সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২৬ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং যুদ্ধের আবহে এবার আইপিএলের সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় বিদেশি ক্রিকেটারদের ভারতে আসা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

যুদ্ধের প্রভাবে বদলে গেল শুরুর তারিখ

বিসিসিআই সূত্রে খবর, উদ্ভূত পরিস্থিতির কারণে আইপিএল ২০২৬ এর উদ্বোধনী তারিখ পিছিয়ে এখন ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। মূলত আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক রুটের বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে আসা ক্রিকেটাররা সাধারণত দুবাই বা আবুধাবি হয়ে ভারতে আসেন। কিন্তু ওই অঞ্চলের আকাশপথ এখন কার্যত রণক্ষেত্র হওয়ায় ক্রিকেটারদের নিরাপত্তা ও যাতায়াত নিয়ে চিন্তায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ক্রিকেটারদের আনতে আইসিসি-র বিশেষ পদক্ষেপ

পরিস্থিতি সামাল দিতে আইসিসি ইতিমধ্যে একটি ‘ট্রাভেল সাপোর্ট ডেস্ক’ চালু করেছে। গালফ অঞ্চলের আকাশপথ এড়িয়ে ইউরোপ বা দক্ষিণ এশিয়ার বিকল্প পথে ক্রিকেটারদের ভারতে আনার পরিকল্পনা করা হচ্ছে। তাসত্ত্বেও অনেক বিদেশি তারকা এই মুহূর্তে বিমানে দীর্ঘ পথ পাড়ি দিতে কিছুটা দ্বিধাবোধ করছেন বলে জানা গেছে।

দুই দফায় আসতে পারে সূচি

যুদ্ধের পাশাপাশি ভারতে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামের বিধানসভা নির্বাচনের বিষয়টিকেও মাথায় রাখছে বিসিসিআই। ২০২৪ সালের সিজনের মতো এবারও আইপিএলের সূচি দুই দফায় প্রকাশ করা হতে পারে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টটি ২৮ মার্চ শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

বিসিসিআই ও আইসিসি যৌথভাবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। যদি মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত হয়, তবে যাতায়াতের সুবিধার্থে ভেন্যু নির্বাচনেও বড় কোনো চমক দেখা যেতে পারে। আপাতত কোটি টাকার এই টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করাই এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *