মমতার দাবিতে সিলমোহর ওমরের! পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরলের নাম বদলে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র, কিন্তু পশ্চিমবঙ্গের ফাইল কেন এখনও লাল ফিতের ফাঁসে বন্দি? এবার এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে সরাসরি পরামর্শ দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বুধবার শ্রীনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা যে প্রস্তাব পাঠিয়েছে, কেন্দ্রের উচিত অবিলম্বে তা মেনে নেওয়া।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলকে ‘কেরলম’ করার প্রস্তাবে সায় দেওয়ার পরেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বাংলার নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। মমতার সেই সুরেই সুর মিলিয়ে ওমর বলেন, এক রাজ্যের ক্ষেত্রে নিয়ম কার্যকর হলে অন্য রাজ্যের ক্ষেত্রেও একই নীতি থাকা উচিত। আলাদা আলাদা মাপকাঠি থাকা কাম্য নয়।
অন্যদিকে, জম্মু-কাশ্মীর সফরে আসছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। তাঁকে স্বাগত জানিয়ে ওমর আবদুল্লা জানান, এই সফর উপত্যকার পড়ুয়াদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে। তবে আপাতত রাজনৈতিক মহলের নজর আটকে ওমরের সেই মন্তব্যে— কেরলের পর কি তবে এবার বাংলার নাম বদলের পালা? কেন্দ্র কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে?

